‘মসজিদ থেকে বের হওয়ার পরই আমার ওপর ডিম ছুড়ে মারা হয়। ডিম আমার চোখে এসে লাগে, আমি চোখে অন্ধকার দেখছিলাম। পাশ থেকে একজন জানাল যে ডিম ছুড়ে মারা হয়েছে। এরপর তারা ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপর আমাদের সহযোদ্ধাদের ওপর হকি স্টিক, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রক্ষীবাহিনীর মতো করে ঝাপিয়ে পড়ে।’ গত শুক্রবার ঝিনাইদহে হামলার শিকার হওয়ার বর্ণনা এভাবে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী এ বর্ণনা দেন। ‘ঝিনাইদহে বিএনপির সন্ত্রাসীদের হামলা ও মামলার প্রহসন’ এবং সমসাময়িক বিষয়ে দলের বক্তব্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
